ভোটার উপস্থিতি দেখাতে দুই কোটি ভাতাভোগীকে ‘টার্গেট’ করেছে সরকার: রিজভী
আজ সোমবার বিকেলে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির এসব অভিযোগ করেন। তিনি বলেন, গণতান্ত্রিক বিশ্বের চোখে ধুলা দিতে আওয়ামী লীগ সরকার এই অমানবিক পন্থা নিয়েছে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, হবিগঞ্জসহ অনেক জেলায় ইতিমধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, ভিজিএফ, ভিজিডি, জিআর, টিআর, ওএমএস, টিসিবি প্রভৃতি সামাজিক সুরক্ষার উপরকারভোগীদের কার্ড জমা নিয়েছেন ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরা।
রুহুল কবির বলেন, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের ঔদ্ধত্য ও হুংকার দেখে মনে হচ্ছে, তিনি আওয়ামী সেবাদাসে পরিণত হয়েছেন। তাঁর জেনে রাখা উচিত, সংবিধানে ভোট দেওয়া যেমন মানুষের অধিকার, তেমনি ভোট না দেওয়াও মানুষের মৌলিক অধিকার। ভোট দেওয়ার জন্য কাউকে বাধ্য করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এখন নির্বাচন কমিশন নব্য নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Comments
Post a Comment